নারায়ণগঞ্জে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, জয়পুরহাট, নাটোর, চট্টগ্রাম ও মেহেরপুরে আরো সাতজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

নারায়ণগঞ্জ: বন্দরে বাসচাপায় সুরেষ ডাকুয়া (৩৫) ও তার ছেলে রাকেশ ডাকুয়া (৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন সুরেষ ডাকুয়ার স্ত্রী নিপু রায় (৩০)। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেওঢালা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহত নিপু রায় জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামে। গ্রামে টেইলার্সের দোকান রয়েছে সুরেষের। গ্রাম থেকে স্বামী-সন্তানসহ নারায়ণগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে এসেছিলেন পূজার জন্য। সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে কেওঢালা বাসস্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় একটি বাস তাদের ওপর উঠে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুর্ঘটনার পর চালক পলাতক।৷ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির মরদেহ ঘটনাস্থল থেকে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া: সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে ট্রাক্টরের ধাক্কায় সুলতান মিয়া (২৪) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো কয়েকজন আহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে উপজেলার কালিকচ্ছ ধরন্তি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া নাসিরনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, নাসিরনগর থেকে অটোরিকশায় কয়েকজন যাত্রী বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক ধরন্তি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত এবং কয়েকজন আহত হন।

লক্ষ্মীপুর: ট্রাকের ধাক্কায় মোবাশ্বেরা বেগম (৬০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। গতকাল দুপুরে মজুচৌধুরীহাট এলাকায় লক্ষ্মীপুর-ভোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোবাশ্বেরা বেগম সদর উপজেলার সমসেরাবাদের তাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মজুচৌধুরীরহাট এলাকায় ছেলের শ্বশুরবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন মোবাশ্বেরা বেগম। মুজচৌধুরীহাট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় মোবাশ্বেরা বেগমসহ দুজন গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেয়ার পথে মারা যান মোবাশ্বেরা বেগম।

জয়পুরহাট: পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় মাহবুব হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার দানেজপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের মোজাহার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহাবুব মোটরসাইকেলে বিভিন্ন গ্রাম থেকে গাভীর দুধ সংগ্রহ করেন। পাঁচবিবি বাজারে দুধ বিক্রি করতে আসার সময় দানেজপুরের সামনের দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টর জব্দ করে। পাঁচবিবি থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর: বড়াইগ্রামে ট্রাকচাপায় মো. সোহাগ ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের  মানিকপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ইসলাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলিমুল আল রাজী জানান, রাত সাড়ে ৯টার দিকে সোহাগ মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড়ে পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার রাতে মহাসড়কের পটিয়া অংশে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের খরনা চেয়ারম্যান ঘাটায় কক্সবাজার থেকে ছেড়ে আসা মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় দুই অটোরিকশার যাত্রী ঘটনাস্থলে নিহত হয়ে মারা যান। গুরুতর আহত হন আরো চারজন। নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুচ মার্কেটের আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিব (১৮) ও কক্সবাজার জেলার রামু থানার আহমদ হোসেনের ছেলে নুরুল আলিম (২৭)।

মেহেরপুর: জেলার মুজিবনগরে পাওয়ার টিলারের সঙ্গে মাটি বহনকারী ট্রলির সংঘর্ষে লিটন আলী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পাওয়ার টিলারের চালক ছিলেন। গতকাল বেলা ২টার দিকে উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর পলিশ ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাওয়ার ট্রিলারে থাকা আরো পাঁচজন আহত হয়েছেন।