গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে রাজধানী ও আশপাশের বিভিন্ন জেলায় বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (টিজিটিডিসিএল) অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার (৬ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রূপগঞ্জের মাছুমাবাদ, আতলাশপুর ও হাটাব এলাকায় অভিযান চালিয়ে দুই কিলোমিটার এলাকার আনুমানিক ৬০০ বাসাবাড়ির প্রায় ৮০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস সূত্রে জানা গেছে, অভিযানে তিনটি বেকারি ও একটি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে অভিযান পরিচালনাকালে বেকারি ও হোটেলের কাউকে না পাওয়ায় কোনো দণ্ড প্রদান করতে পারেনি তিতাস। অভিযানকালে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।










