দেশের তিন জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে দুজন, গাজীপুরে দুজন ও নরসিংদীতে একজন রয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে গতকাল বিকালে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (৪২) ও একই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের আব্দুল্লাহিল কাফি ওরফে কপিল উদ্দিন (২২)।
অন্যদিকে গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে ইফাজ উদ্দিন (৬৫) ও কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর এলাকার রজব আলীর ছেলে শুকুর আলী। এছাড়া নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে ইব্রাহিম মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।










