রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আজ মধ্যরাত থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন মাস মাছ ধরা বন্ধ করেছে প্রশাসন। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ কৃত্রিম জলাধারে কার্পজাতীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতেই অন্যান্য বছরের মতো এবারো সব ধরনের মাছ শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞাকালীন স্থানীয় বরফকলও বন্ধ থাকবে। পাশাপাশি স্থানীয় বাজার ও কাপ্তাই হ্রদ মনিটরিং করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, মাছ আহরণের ওপর নির্ভরশীল জেলেদের নিষেধাজ্ঞাকালীন বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেয়া হবে। এছাড়া অবৈধ উপায়ে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের গুরুত্বপূর্ণ স্থানে নৌ-পুলিশ মোতায়েন করা হবে। অবৈধ উপায়ে মাছ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।

হ্রদে মাছ শিকারে প্রতি বছর ১ মে-৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে এবার হ্রদে পানিস্বল্পতার কারণে ১০ দিন আগেই মাছ ধরা বন্ধ করে দেয়া হয়েছে।