বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে আজ জুমার নামাজ সম্পন্ন করেন মির্জা ফখরুল। এর পর যান শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে। সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন তিনি।

মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী।

এসময় কবর প্রাঙ্গণের চারপাশে নিরাপত্তা বেষ্টনীর বাইরে দলের নেতাকর্মী-সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

গতকাল জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ক্ষমতাসীন বিএনপি জোটের প্রার্থী মির্জা ফখরুল মোট ৩৪৩ ভোটের মধ্যে পেয়েছেন ২৫৫টি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন। গতকালই প্রকাশ করা হয়েছে ফলাফলের গেজেট। বঙ্গভবনে আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।