বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক চাপা দেয়া সেই পিকআপের অনভিজ্ঞ চালক ওসমান গনির (২০) নামে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় শুক্রবার রাতে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল আজিজ শেখ বাদী হয়ে ওসমান গনিকে আসামি করে ফকিরহাট থানায় মামলাটি করেন। আটক ওসমান গনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
ওসমান গনি পুলিশের কাছে স্বীকার করেছেন, লাইসেন্স ছাড়াই তিনি পিকআপটি চালাতেন। দীর্ঘদিন চালকের সহযোগী হিসেবে কাজ করায় গাড়ি চালানো শিখে যান ওসমান। এর পর থেকে তিনি লাইসেন্স ছাড়াই গাড়ি চালান।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান স্বীকার করেছেন, লাইসেন্স না থাকলেও দীর্ঘদিন ধরে তিনি গাড়ি চালান।
শুক্রবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় একটি ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দেয় ওসমান গনির পিকআপ। এতে সাতজন নিহত হয়।










