অতীতের ত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে এবং নতুন লক্ষ্য সামনে রেখে ভারত-বাংলাদেশ একসঙ্গে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ শনিবার রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আশা ব্যক্ত করেন।

এ সময় প্রণয় ভার্মা বলেন, ৬ ডিসেম্বরের এ দিনে ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। চূড়ান্ত বিজয়ের ১০ দিন আগে স্বীকৃতি দেয়ার মধ্য দিয়ে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত। ঐতিহাসিক এ সম্পর্ক এগিয়েছে বহুদূর।

মৈত্রী দিবসকে ভারত–বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে এক অমোচনীয় মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক এবং সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক লাভজনক সম্পর্ক চায় ভারত। তিনি আশা প্রকাশ করেন, অতীতের ত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে এবং ভবিষ্যতের নতুন লক্ষ্য সামনে রেখে একসঙ্গে এগিয়ে যাবে এ দুই দেশ।

অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরে।

আয়োজনের শুরুতে '৭১ ইন সাইলেন্স' শিরোনামে একটি নাটক পরিবেশিত হয়। রমেশ মায়াপ্পানের নির্দেশনায় এ নাটকে বাংলাদেশের জন্ম এবং যুদ্ধের শুরু ও পরিণতি তুলে ধরা হয়। এরপর সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যশিল্পীরা আনিসুল ইসলাম হিরোর নির্দেশনায় নৃত্য পরিবেশন করেন। এতে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ফুটে ওঠে। অনুষ্ঠানের শেষাংশে জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীনের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।