সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় ১১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ ও চট্টগ্রামে ছয়জন, কিশোরগঞ্জে দুজন, কক্সবাজারে একজন, ঢাকার নবাবগঞ্জে একজন ও শেরপুরে একজন নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

ময়মনসিংহ: জেলার মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশায় থাকা মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। নিহতরা হলেন হামিদা বেগম (৪২), তার মেয়ে আদিবা (৩) এবং অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মৃণাল (৬২)। গতকাল বেলা পৌনে ২টার দিকে মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড়ের চেরুমণ্ডলে এ দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুশান্ত কুমার দে জানান, উপজেলার চেরুমণ্ডলের ভারকীর মোড়ে কালভার্ট তৈরির কাজ চলছে। এ কারণে রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসার জন্য রাস্তার একপাশে উঠছিল। এ সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে পড়ে। ট্রাকটি অটোরিকশার ওপর পড়লে ঘটনাস্থলে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে ট্রাকচাপায় এক পথচারী ও দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে নয়াপাড়ায় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার জালাল আহমেদের ছেলে আবসার (৩৮), চুনতির আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৬) ও রাঙ্গুনিয়ার মো. বাবুলের ছেলে জাহেদ (২৭)। জুবায়ের ও জাহেদ মোটরসাইকেলে সড়ক দিয়ে যাচ্ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ ইরফান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাওয়া মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা পিকআপ ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পিকআপটি রাস্তার এক পাশে উল্টে পড়ে। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পিকআপের নিচে ঢুকে যায়।

কিশোরগঞ্জ: জেলার মিঠামইনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় একজন গুরুতর আহত হন। গতকাল দুপুরে উপজেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ঢাকি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিঠামইনের চানপুরের আতাউর রহমানের ছেলে ইয়াছিন (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ থানার কাঁঠালবাড়ীর মৃত আব্দুস সালামের ছেলে আমীর হোসেন (২০)।

মিঠামইন থানার ওসি আহসান হাবীব জানান, একটি মোটরসাইকেলে করে ওই তিনজন মিঠামইন যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর এক পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। ঘটনাস্থলে ইয়াছিন ও আমীর হোসেন মারা যান। এছাড়া ঘাগড়া দয়াহাটির রেজু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২) গুরুতর আহত হন। 

কক্সবাজার: মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া না গেলেও তার সঙ্গে থাকা অন্য পুরুষ আরোহীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শহিদুল আমিন তানিব। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা: নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শেখ লাল মিয়া (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে মাঝিরকান্দা-জয়পাড়া চালনাই আঞ্চলিক সড়কে এবিসি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। শেখ লাল মিয়া উপজেলার মহব্বতপুর গ্রামের শেখ আব্দুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝিরকান্দা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন লাল মিয়া। এবিসি ভাটার রাস্তার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর: জেলার নকলায় কাভার্ড ভ্যানচাপায় আব্দুল জলিল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কুর্শাবাড়াগৌড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেল।

পুলিশ জানায়, আব্দুল জলিল বাড়ির সামনের আঞ্চলিক সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। নকলা-ফুলপুর আঞ্চলিক সড়কের নকলা পৌরসভার কুর্শাবাড়াগৌর এলাকায় দ্রুগতিতে আসা কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে জলিলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।