আর মাত্র কয়েকদিন বাকি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার। এরই মধ্যে প্রতিমা রোদে শুকানোসহ চলছে সাজসজ্জার কাজ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তাই তার কৃপা লাভের আশায় অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা। দেশের বিভিন্ন স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা।
কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে বন্ধ থাকায় এবারো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা হচ্ছে না। এতে প্রতিমা বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন কারিগররা। ফলে দুশ্চিন্তায় প্রতিমাশিল্পীরা। ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। জেলার বিভিন্ন উপজেলার প্রতিমাশিল্পীদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
রায়গঞ্জ উপজেলার পরিতোষ পাল বলেন, প্রতি বছর পাঁচ শতাধিক প্রতিমা তৈরি করলেও এ বছর করেছি ১৫০। কারণ হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি ঘোষণায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিমার চাহিদা কম রয়েছে। অনেকে বায়নার টাকা ফেরতও নিয়েছি। ফলে সব প্রতিমা বিক্রি হবে কিনা তা নিয়ে সংশয়ে আছি।
কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পালপাড়ার সুরেশ পাল বলেন, প্রায় দেড়
মাস আগে থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় আমার তৈরি তিন শতাধিক প্রতিমা বিক্রি হবে না। আমরা কীভাবে চলব।









