নারীদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টায় নামিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্রমান্বয়ে এটি বাস্তবায়ন করা হবে। একজন মাকে সম্মান দেখাতেই কর্মঘণ্টা হ্রাস করা হচ্ছে। বিশ্বের অনেক দেশেই নারীদের কর্মঘণ্টার এমন চিত্র রয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতাহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়। বনানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘নারীদের চাকরি যেন ছাড়তে না হয়। তিন ঘণ্টা তাকে কাজ করতে হবে না। আবার পাঁচ ঘণ্টা কাজ করতে না পারলে তিন ঘণ্টা কাজ করবে। বাকি সময়ের জন্য প্রতিষ্ঠানগুলো খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করবে। এতে করে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।’
শিল্পকে বাঁচিয়ে রাখতে পরিকল্পনার কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, আমাদের ইশতেহার হবে জনবান্ধব, ব্যবসাবান্ধব, শান্তি ও শৃঙ্খলাবান্ধব। নির্বাচিত হলে প্রাইভেট ভেঞ্চারকে বেশি বেশি উৎসাহিত করব। শিল্পমালিকদের সমাজের আইকন হিসেবে তুলে ধরব। শিল্পকে শিশুর মতো লালন-পালন করব। আমরা মালিক ও শ্রমিক পক্ষকে মুখোমুখি করব না। শিল্পকে বাঁচাতে দুই পক্ষকে বসিয়ে বোঝাব।
বেকারভাতাকে অপমানের শামিল উল্লেখ করে তিনি বলেন, ‘বেকারভাতা দেব না বলে আমাদের যুবসমাজকে জানিয়েছি। এটি তাদের অপমান করার শামিল। বরং তাদের হাতে কাজ তুলে দেব। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে তারা বসবে, আর আমরা বসব প্যাসেঞ্জার সিটে।’










