এসির শর্টসার্কিট আগুন লেগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় নাবিল পরিবহনের একটি বাস পুড়ে গিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটিতে থাকা ২০ জন যাত্রীর কোনো ক্ষতি হয়নি।
শিবগঞ্জ থানা সূত্র জানায়, দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিল নাবিল পরিবহনের একটি এসি স্ক্যানিয়া বাস। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাসটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে পৌঁছালে হঠাৎ করে এসিতে শর্টসার্কিট হয়ে আগুন জ্বলে ওঠে। এ সময় চালক বাসটি থামিয়ে দিলে যাত্রীরা প্রাণে বাঁচতে দরজা ও জানালা দিয়ে মালামাল নিয়ে দ্রুত বের হয়ে যায়। ফলে ২০ জন যাত্রীর কারো তেমন কোনো ক্ষতি হয়নি।
আগুনে ভস্মীভূত হওয়া বাসটিতে থাকা জামিরুল ইসলাম নামে এক যাত্রী জানান, দিনাজপুর থেকে নাবিল পরিহনের স্ক্যানিয়া বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। মোকামতলায় পৌঁছার পরপরই বাসে থাকা একটি এসি বিস্ফোরণ ঘটে। এতে বাসে আগুন ধরে যায়। আমরা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ি। কেউ কেউ বাসের জানালা ভেঙে বের হয়ে আসেন। বাসটি ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দিয়েছিল।
শিবগঞ্জের মোকামতলা পুলিশ ফাঁড়ির এসআই মনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।










