মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করা না হলে আগামী ৪ ও ৫ নভেম্বর বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। বিএনপি নেতারা বলছেন, সমাবেশ বানচাল করতেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ১০ দিন আগে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তবে বাস মালিক নেতারা বলছেন, বিএনপির সমাবেশের কথা জানেন না তারা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে।

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও অবৈধভাবে এসব যানবাহন চলছে মহাসড়কে। পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় থ্রি হুইলারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যাত্রী সাধারণের নির্বিঘ্নে ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে ৩ নভেম্বরের মধ্যে থ্রি হুইলার চলাচল বন্ধ করা না হলে ৪ ও ৫ নভেম্বর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে আঞ্চলিক ও দূরপাল্লারসহ সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে।