মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদে প্রশাসক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিচালনায় ছয় কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মুহম্মদ বদিউজ্জামান দিদারকে চট্টগ্রাম অফিস থেকে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ সংযুক্ত করা হলো। সেই সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
প্রশাসকের কার্যক্রমে সহায়তার জন্য পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের (ডিভিশন-২) অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, ডিভিশন-১-এর যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ, ডিভিশন-৩-এর যুগ্ম পরিচালক পলাশ মন্ডল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপপরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস, উপপরিচালক মো. আইয়ুব খানকে নগদে নিয়োগ দেয়া হয়েছে।
মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি হিসেবে ২০১৯ সালে যাত্রা শুরু করে নগদ। চলতি বছরের ৩ জুন প্রতিষ্ঠানটি দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে চূড়ান্ত লাইসেন্স পায়। ক্ষমতার পালাবদলের পর কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের সপ্তাহ খানেকের মধ্যে ডাক বিভাগের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত কোম্পানি হিসেবে প্রচার পাওয়া নগদে প্রশাসক নিয়োগের খবর এল।










