নেত্রকোনার খালিয়াজুরীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার দুই দিন পর ধনু নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে ধনু নদীর নাওটানা এলাকা সংলগ্ন আশালিয়া ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন-আটপাড়া উপজেলার শ্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের শহীদ মিয়া (৫০,কেন্দুয়া উপজেলার রয়েল বাড়ি ইউনিয়নের রয়েল বাড়ি গ্রামের হৃদয় (৩০) ও মদন ইউনিয়নের বাগযান গ্রামের রোকন মিয়া (৫০)। এ তথ্য নিশ্চিত করেছে খালিয়াজুরী থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৮ মার্চ) সকালে পলো বাইচের লোকজন রসুলপুর ঘাট এলাকায় ইজারাকৃত বিলে মাছ ধরতে গেলে স্থানীয়দের সঙ্গেবাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে দুই গ্রুপের ৫০ জনের মতো মানুষ আহত হন। শতাধিক গাড়ি ভাঙচুর করা হয় ও কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর মদন উপজেলার রুকন মিয়া, ইয়াছিন মিয়া, আটপাড়র শহিদ মিয়া ও কেন্দুয়ার হৃদয় মিয়াসহ বেশ কয়েকজন নিখোঁজ হন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মকবুল হোসেন তিনটি লাশ উদ্ধার হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।










