কুড়িগ্রামে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালুয়া ভোট কেন্দ্রে যাওয়ার সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে লাঞ্ছিত করে একটি ঘরে ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছিনাই ইউনিয়ন কমান্ডের আয়োজনে ছিনাই বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে সদর ও রাজারহাট উপজেলাসহ ওই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, ভোটের দিন ভোট কেন্দ্রে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে লাঞ্ছিত করে একদল সন্ত্রাসী। শুধু তাই নয়, তাকে একটি ঘরে ১২ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। অবিলম্বে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখা সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরপ্রতিক আবদুল হাই, মুক্তিযোদ্ধা সংগঠক আবদুল বাতেন ও আতাউর রহমান প্রমুখ।









