বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যাশা করেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পতিত স্বৈরাচারের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করে নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘এ সরকারের দায়িত্ব অনেক বড়। সেই দায়িত্ব তাদের পালন করতে হবে। রাজনৈতিক দল হিসেবে আমরা এ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি ও করব।’ তিনি গতকাল সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেছেন, ‘ছাত্র-ছাত্রী ও আমজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট স্বৈরতান্ত্রিক সরকারের প্রধান শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু হয়েছে। অতীতের সব জঞ্জাল সাফ করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশকে নতুন আঙ্গিকে গড়ে তোলার কাজ চলছে। কিন্তু পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজকে ব্যাহত করার চেষ্টা করছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘এ থেকে প্রমাণ হয়, এই দলটি কখনো বাংলাদেশকে সুশাসনের দেশ হিসেবে নির্মাণের চেষ্টা করেনি। ১৯৭২ সালের পরবর্তী সময়ে তারা জনগণের সরকার গঠন না করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। এ দলটিই ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একের পর এক ধ্বংস করে দিয়ে আবারো বাকশাল কায়েম করার প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছিল।’