এক মাস পরিবারের সদস্যদের সঙ্গে ব্যস্ত সময় কাটিয়ে যুক্তরাজ্যের লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে গতকাল বেলা ১১টায় তিনি লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। লন্ডনে স্বামী ও মেয়ের সঙ্গে জুবাইদা রহমান ঈদুল আজহা উদ্যাপন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর বাসস।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে প্রায় ১৭ বছর পর দেশে এসেছিলেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে তিনি ঢাকা ছেড়ে লন্ডনে পাড়ি জমান।
একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) কাফরুল থানায় তারেক-জুবাইদার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জুবাইদাকে তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ডের সাজা দেন ঢাকার একটি আদালত। গত বছর গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সাজা স্থগিত করা হয়।










