কক্সবাজারের টেকনাফে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিক্ষার্থী হলেন— টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১৪) এবং কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৫)। এর আগে একই ঘটনায় আবুল কালামের ছেলে নুর কামালকে (১২) মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তারা তিনজনই খোনকার পাড়ার আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার ছাত্র ছিলেন।

রোববার দুপুরে টেকনাফ সদর বীচ পয়েন্টে ১০-১৫ জন শিশু একসঙ্গে খেলতে যায়। এক পর্যায়ে তারা সাগরে গোসল করতে নামে। হঠাৎ স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। উপস্থিত অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে নুর কামালকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে নজরুল ইসলাম ও ইমরান হোসেন নিখোঁজ থাকে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনার পরপরই পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অন্ধকারের কারণে রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হলেও স্বজনরা সাগরে তল্লাশি চালিয়ে যান।

পরে সোমবার সকালে স্থানীয় লোকজন লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগরে ভাসমান অবস্থায় নজরুল ইসলাম ও ইমরান হোসেনের মরদেহ দেখতে পান। এ সময় তাদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পর থেকেই উদ্ধারকাজ চলছিল। শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।