সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
আজ সোমবার (৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৫) (বি) অনুসরণ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নিকট নির্দেশনা প্রেরণ করেছেন। সে অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে।
এদিকে গত বছরের ১৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতি হাইকোর্টের ১২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখার নির্দেশ দেন। তাদেরকে তখন থেকে মামলা পরিচালনার জন্য বেঞ্চ দেয়া হচ্ছে না।
১২ বিচারপতি হলেন বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলন। তাদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম, দলপ্রীতিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। তবে অভিযোগগুলো এখনো সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ হয়নি।










