বাগেরহাটের
ফকিরহাটে নাছির সরদার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ছুরিকাঘাতে সহপাঠীসহ গুরুতর জখম হয়েছেন তিন জন। সোমবার (১৯
জুন) দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শান্তিগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নাছির সরদারকে আটক করেছে। আটক নাছির মাদকাসক্ত বলে জানা গিয়েছে।
নাছির
সরদার সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের বিএম শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহতদের মধ্যে দুজন তার সহপাঠী— জাকারিয়া হাওলাদার
(১৭) ও জয়ন্ত রাহা (১৭)। আহত অন্যজন নবম শ্রেণীর ছাত্র মুসা
আব্দুল্লাহ (১৬)।
আহতরা সবাই মূলঘর এলাকার বাসিন্দা। ঘটনার পর তাদের প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন সহপাঠীরা।
অবস্থা গুরুতর হওয়ায় জাকারিয়া হাওলাদার ও জয়ন্ত রাহাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলেজ থেকে
বের হওয়ার সময় গায়ে ধাক্কা লাগায় কথা কাটাকাটির এক পর্যায়ে নাছির ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন বলে জানিয়েছেন
ভুক্তভোগীরা।
ফকিরহাট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ শেখ বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গভীর যখমের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
সাকিনা
আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান বলেন, আহত ও হামলায় অভিযুক্ত শিক্ষার্থী সবাই আমার প্রতিষ্ঠানের
শিক্ষার্থী। ঘটনার পর অন্যান্য শিক্ষকদের নিয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের
খোঁজখবর নেয়া হয়েছে৷
ফকিরহাট
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার তদন্ত চলছে বলে।










