নেপিয়ারে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস মেথডে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। যদিও ডাকওয়ার্থ-লুইস মেথডে বাংলাদেশের টার্গেট নির্ধারণ নিয়ে হয়ে যায় চরম নাটকীয়তা। এর আগে বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হারিয়েছে স্বাগতিক দলটি। কিউইরা ঘরের মাঠে এ নিয়ে টানা নবম সিরিজ জিতল।
ব্যাট ও বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে সিরিজ জিততে সাহায্য করেন গ্লেন ফিলিপস। ৩১ বলে ৫ বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন ফিলিপস। আর মিচেল ১৬ বলে করেন ৩৪ রান। ২৭ বলে ৬২ রান যোগ করেন এ দুজন। তাদের দাপটেই রানের সৌধ গড়ে কিউইরা।
অদ্ভুত এক ম্যাচ দেখেছে নেপিয়ারের দর্শকরা। নিউজিল্যান্ড ইনিংসে দুই দফায় বৃষ্টি হানা দিলে তাদের ইনিংসের সমাপ্তি ঘটে ১৭.৫ ওভারে, স্কোর ১৭৩/৫। জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৯ বল খেলে ফেললেও নিজেদের টার্গেট নিয়ে ছিল অন্ধকারেই! জায়ান্ট স্ক্রিন, নিউজিল্যান্ডের অফিশিয়াল সাইট ও আইসিসির ওয়েবসাইটে বাংলাদেশের টার্গেট ১৪৮ বলা হচ্ছিল এবং সেই টার্গেট ধরেই খেলছিল বাংলাদেশ। যদিও পরে তাদের টার্গেট দেয়া হয় ১৬ ওভারে ১৭০ রান, একটু পরে তা আবার সংশোধন করে বলা হয় ১৭১!
ঘটনাবহুল এ ম্যাচে পাঁচ মিনিটের বিরতির পর খেলা শুরু হলে প্রায় একাই শাসন করছিলেন সৌম্য সরকার। প্রথম ১৫ ডেলিভারিতে চারটি চার ও তিন ছক্কা মারেন তিনি। তার প্রতাপে সাত ওভার শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ৭৬/১। জিততে দলের তখন ৫৪ বলে ৯৫ রানের প্রয়োজন পড়ে। একাদশ ওভারের প্রথম বলে সৌম্যকে বিদায় করেন অভিজ্ঞ টিম সাউদি। দ্বিতীয় উইকেটে নাইম শেখকে নিয়ে ৫২ বলে ৮১ রান যোগ করেন সৌম্য। ২৭ বলে ৫১ রান করেন সৌম্য ও নাইম করেন ৩৫ বলে ৩৮ রান। অবশ্য তাদের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে বাকিরা দলকে জেতাতে পারেননি। টিম সাউদি, হামিশ বেনেট ও অ্যাডাম মিলনে প্রত্যেকেই নেন দুটি করে উইকেট। আর স্পিনার ফিলিপস নেন একটি উইকেট।










