মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই উপহার বিনিময়ের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার বার্তা দেয়া হয়।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে মিষ্টি উপহার দেয়া হয়। বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদৎ হোসেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর এস এন চৌবির হাতে মিষ্টি তুলে দেন।

মিষ্টি উপহার দেয়ার পাশাপাশি দুই বাহিনীর কর্মকর্তারা একে অপরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিজিবি ও বিএসএফের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদৎ হোসেন বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং দুই বাহিনীর মধ্যে ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় করতে এই রীতি পালন করা হয়।

তিনি আরো জানান, দুই দেশের জাতীয় ও ধর্মীয় উৎসবে বিজিবি এবং বিএসএফ দীর্ঘদিন ধরে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।