কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নারী সমাজকে জাগ্রত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সাভারে অনুষ্ঠিত হয়েছে ‘আমার রক্ষক আমি, আমি অনন্যা’ শীর্ষক অনুষ্ঠান। উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস বাংলাদেশ ও মেঘনা গ্রুপের অনন্যা ফ্রেশ প্রোডাক্টস যৌথভাবে বুধবার (১০ জুন) সাভার পৌরসভার সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও রাজাশন ল্যাবরেটরি স্কুলে দুই শতাধিক ছাত্রীকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কিশোরীরা পিরিয়ড-সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। চিকিৎসক ইপশিতা এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সামাজিক, মানসিক ও আর্থিক উন্নয়ন এবং জীবন গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত কিশোরীদের মধ্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষে এমজিআইয়ের সহযোগী ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইসরাত জাহান বলেন, ‘ফ্রেশ বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড। এর সব পণ্যই মানসম্মত। তাই ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আমরা নির্দ্বিধায় এ ন্যাপকিন ব্যবহার করতে পারি।’

এর আগে উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস বাংলাদেশ ও মেঘনা গ্রুপের অনন্যা ফ্রেশ প্রোডাক্টস যৌথভাবে বিভিন্ন পোশাক কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নারী সমাজকে জাগ্রত ও অনুপ্রাণিত করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে।