আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিন বাহিনীর প্রধানের সঙ্গে আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ বৈঠক করা হবে। নির্বাচন কমিশনের সভাকক্ষে সোমবার (২০ অক্টোবর) এ সভা হবে।
ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, আগামীকালের (সোমবার) সভায় সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ /কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিএমসি/র্যাব-এর মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)/সিআইডি অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক উপস্থিত থাকবেন।
এর আগে, গত ১৪ অক্টোবর নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ বৈঠকের কথা জানান। তিনি বলেছিলেন, আগামী ২০ অক্টোবর সেনা, নৌ, বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হবে।










