কক্সবাজারের টেকনাফ উপজেলায় নৌবাহিনীর অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, রোববার দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করা হয়।

তল্লাশিতে দুটি জি থ্রি রাইফেল, একটি এমএ ওয়ান রাইফেল, আটটি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরো জানায়, টেকনাফসহ দায়িত্বপূর্ণ এলাকায় নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।