কোটা সংস্কার আন্দোলন দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যা, ব্লক রেইড, গণগ্রেফতার, রিমান্ডে অমানুষিক নির্যাতন চালাচ্ছে দাবি করে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিকরা। গণমাধ্যমে গতকাল ঢাকা সাংবাদিক ইউনিয়ন—ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ উদ্বেগের কথা জানান। 

বিবৃতিদাতা সিনিয়র সাংবাদিকরা বলেন, এটা দিবালোকের মতো সত্য যে কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত সহিংসতায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাও জড়িত ছিলেন। কিন্তু বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের। তারা এ ধরনের ‘অমানবিক ও বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে’ এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।