দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে গাছ ফেলে ছিনতাইয়ের ঘটনায় এক ইউপি সদস্যসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ঘোড়াঘাট উপজেলার কুন্দারামপুর চৌধুরীপাড়া গ্রামের লুত্ফর রহমানের ছেলে ৪ নং ঘোড়াঘাট ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য রুহুল আমিন (৪১), উপজেলার চোরগাছা গ্রামের আবুল কালামের ছেলে সাইদুল ওরফে সাইফুল (৩৭) ও কুন্দারামপুর পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মনোয়ার হোসেন (২৬)।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মার্চ রাতে পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের আজাদ মন্ডলের ছেলে আরিফ মিয়া (২৬) ও তার এক বন্ধু মোটরসাইকেলযোগে ডুগডুগিহাট রোডের জোড়া ব্রিজ পৌঁছলে ছিনতাইকারীরা রাস্তায় গাছ ফেলে তাদের বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে মোটরসাইকেলসহ সঙ্গে থাকা প্রায় ১৭ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় আরিফ মিয়া মোবাইলের আলোয় ইউপি সদস্য আমিন এবং অন্য আরেক ছিনতাইকারীকে চিনতে পারেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীরা ছিনতাইকারীদের নাম উল্লেখ করে থানায় এজাহার দেয়। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ইউপি সদস্যসহ আরো দুজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার রুপসীপাড়া গ্রামের একটি পরিত্যক্ত চাতাল থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।