বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। প্রথম দিন (শনিবার) আমন্ত্রিত সংগঠন সপ্তসুর সংগীত একাডেমি সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করে। পরে নির্ধারিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সহ-সভাপতি বাসুদেব ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাষীশ চক্রবর্তী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উপপরিষদের আহ্বায়ক মো. সাহেদ।

আলোচনায় অংশ নেন বীরপ্রতীক কেএসএ মহিউদ্দিন মানিক, তপংকর চক্রবর্তী, পাপিয়া জেসমিন ও হাসান মাহামুদ বাবু। আলোচনাসভা শেষে স্বরচিত কবিতা পাঠ করে জাতীয় কবিতা পরিষদ ও কবিতালেখ্য পরিবেশন করে বরিশাল নাটক। সংগীত পরিবেশন করে শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয় ও সংগীতাঞ্জলি। পরে নৃত্য পরিবেশন করে আপন সংগীত বিদ্যালয় ও তানসেন সংগীত বিদ্যালয়। আজ দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠানমালা।