কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই)-এর একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সঙ্গে বেপজা কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোতে দক্ষিণ কোরীয় বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দলে দক্ষিণ কোরীয় বিনিয়োগকারী এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়া দূতাবাসের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলকে স্বাগত জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান প্রতিষ্ঠানটির সাম্প্রতিক সাফল্য এবং বিনিয়োগকারীদের জন্য প্রদত্ত উন্নত সেবাসমূহ তুলে ধরেন। তিনি বলেন, বেপজার অধীনস্থ অঞ্চলসমূহে বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম শীর্ষস্থানীয়। বর্তমানে বেপজাধীন অঞ্চলসমূহে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ৬০টি প্রতিষ্ঠান চালু রয়েছে এবং আরো ৭টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে।
কেবিসিসিআই সভাপতি খান দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ ও সংশ্লিষ্ট প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ করতে ইনভেস্ট বাংলাদেশ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রাসঙ্গিক অন্যান্য সংস্থার সমন্বয়ে একটি গোলটেবিল বৈঠক আয়োজনের জন্য বেপজাকে প্রস্তাব দেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান এ প্রস্তাব স্বাগত জানান এবং আগামী অক্টোবর মাসে এ ধরনের বৈঠক আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখার আশ্বাস দেন।
মতবিনিময়কালে নির্বাহী চেয়ারম্যান দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের বেপজার নতুন অঞ্চল ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’-এ, বিশেষত যশোর ও পটুয়াখালী ইপিজেডে বৃহৎ পরিসরে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, বেপজার বিনিয়োগবান্ধব পরিবেশ ও সেবার মান সম্পর্কে দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের ইতিবাচক পূর্ব অভিজ্ঞতা রয়েছে, যা নতুন বিনিয়োগের ক্ষেত্রেও বেপজার অঞ্চলগুলোকে তাদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে পারে। একই সঙ্গে দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের আরো উন্নত সেবা প্রদানে বেপজার গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।
প্রতিনিধি দলের সদস্যরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বেপজার অবদানের প্রশংসা করেন এবং এ জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় দক্ষিণ কোরিয়া দূতাবাসের প্রতিনিধি বিনিয়োগ কার্যক্রম ও যোগাযোগ আরো সহজ করতে বেপজায় দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের জন্য একটি ‘কোরিয়ান ডেস্ক’ স্থাপনের প্রস্তাব দেন।
মতবিনিময়কালে দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান কিছু সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন, যার প্রেক্ষিতে বেপজার নির্বাহী চেয়ারম্যান এসব বিষয় দ্রুত সমাধানের আশ্বাস দেন।










