বাগেরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণের অভিযোগে দুই ট্রলার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে সমুদ্র থেকে মাছ আহরণ করে আসার পথে মোরেলগঞ্জের পানগুছি নদীতে অভিযান চালিয়ে এফবি মা ও এফবি সীমা নামের দুই ট্রলারকে আটক করেন কোস্ট গার্ড সদস্যরা। পরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ জরিমানার আদেশ দেন। এ সময় তিনি জেলেদের আহরণকৃত মাছ নিলামে বিক্রির আদেশ দেন।
দণ্ডিতরা হলেন এফবি মা ট্রলারের মালিক সেলিম চৌধুরী ও এফবি সীমা ট্রলারের মালিক হাফিজুর রহমান।










