লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুরু হয়ে গেল। বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টায় বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক ব্রাজিল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভেনিজুয়েলার। আজ দিবাগত রাত ৩টায় মাঠে নামছে অন্যতম শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা। কোপায় ২৮ বছরের শিরোপা খরা ঘোচানোর মিশনে লিওনেল মেসিদের প্রতিপক্ষ চিলি।

বড় আশা নিয়ে এবার ব্রাজিলে পা রেখেছেন মেসি ও তার সহযোদ্ধারা। কোপা আমেরিকায় আর্জেন্টিনার (১৪) চেয়ে বেশি শিরোপা জয়ের কৃতিত্ব আছে শুধু উরুগুয়ের (১৫)। এত সফল আর্জেন্টিনা অবশ্য গত ২৮ বছর ধরে শিরোপাহীন।

১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকা জয় করা আর্জেন্টিনা মাঝের সময়টাতে অবশ্য বেশ কয়েকবার শিরোপার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়। ২০০৪ ও ২০০৭ আসরের ফাইনালে তারা পরাজিত হয় ব্রাজিলের কাছে। ২০০৪ সালে টাইব্রেকারে আর ২০০৭ সালে ৩-০ গোলে হেরে যায় আলবিসেলেস্তেরা। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি ফাইনালে আর্জেন্টিনা হেরে যায় চিলির কাছে এবং দুবারই টাইব্রেকারে।

এবারের আয়োজক ছিল মূলত আর্জেন্টিনা ও কলম্বিয়া। তাতে ঘরের মাঠে মেসিদের শিরোপা জয়ের আশাও জেগে ওঠে। যদিও করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি আর রাজনৈতিক অস্থিরতার কারণে আসরটি শেষ মুহূর্তে সরিয়ে ব্রাজিলে নেয়া হয়। ২০১১ সালে সর্বশেষ আর্জেন্টিনার মাটিতে কোপার আসর বসে। সেবার উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয় আর্জেন্টিনা এবং পরিশেষে উরুগুয়েই শিরোপা জিতে নেয়।

১৯৯৩ সালের ফাইনালে গ্যাব্রিয়েল বাতিস্তুতার জোড়া গোলে ভর করে মেক্সিকোকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনার। এরপর আর শিরোপা উৎসব হয়নি বুয়েন্স আয়ার্সে।

লিওনেল স্কালোনির দল এবার ভালো ফর্ম নিয়ে শিরোপার অন্যতম দাবিদার।