বগুড়ার সোনাতলা উপজেলায় যমুনা নদীর ধারে পাখি ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। শিশু দুটি হলো সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার ছেলে বাক প্রতিবন্ধী শাকিল হোসেন (১৪) ও একই গ্রামের পার্শ্ববর্তী পুটু মোল্লার ছেলে রুহুল আমিন (১২)।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের যমুনা নদীর পাড়ে মাটির গর্তে লুকিয়ে থাকা পাখি ধরতে বের হয় ওই দুই শিশু। এরপর আর বাড়ি ফেরেনি। তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন যমুনা নদীর তীরে চোরাবালির মধ্যে একটি পা দেখতে পায়। স্থানীয়রা সাবধানে পা ধরে টান দিলে সেখানে দুজনের মরদেহ চোরাবালির মধ্যে থেকে উঠে আসে। পরে শিশুদুটির পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে।
ধারণা করা হচ্ছে, দুইজনের মধ্যে কেউ একজন চোরাবালিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও চোরাবালিতে পড়ে এবং দুজনেই তলিয়ে যায়।
বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত এ খবর নিশ্চিত করেছেন।










