আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে শুরু হল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি।
আজ বুধবার সকাল সাড়ে নয়টায় আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) অনুষ্ঠিত এ নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ (টোট) কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে চারজন নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন।
দুই দিনব্যাপী ১২ সেশনে বিভক্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। তৃতীয় ও চতুর্থ ব্যাচের প্রতিটিতে ২৫ জন করে মোট ৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে অংশ নিচ্ছেন।
নির্বাচন কমিশন(ইসি) সূত্রে জানা গিয়েছে যে, আগামী ১১ নভেম্বরের মধ্যে আরো দুটি ব্যাচকে (প্রথম ও দ্বিতীয় ব্যাচ) নিয়ে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা পদে নিয়োজিত থাকেন মাঠ প্রশাসনের এ কর্মকর্তারা।










