বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার মান উন্নয়ন ও দক্ষতা বাড়াতে দুইদিনব্যাপী একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বিডি ইন্টারভেনশন ২০২৬’ শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

শুক্রবার (১ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনসের (বিএসসিআই) আয়োজনে এ সম্মেলন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনটির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশে হৃদরোগ একটি বড় স্বাস্থ্য সমস্যা। সরকার চিকিৎসা খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দেশের প্রত্যন্ত এলাকায় উন্নত হৃদরোগ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য রয়েছে। নারী ও শিশুদের হৃদরোগ চিকিৎসা উন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন তরুণ চিকিৎসকদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে এবং জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করবে বলে তিনি জানান। হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো, স্বাস্থ্যকর জীবনযাপন ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, এ সম্মেলনের মাধ্যমে দেশের চিকিৎসকেরা আন্তর্জাতিক গবেষণা ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছেন। এতে হৃদরোগ চিকিৎসার মান উন্নত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, তরুণ চিকিৎসকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে নতুন প্রজন্মের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হবে।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. খালেকুজ্জামান বলেন, আন্তর্জাতিক প্রযুক্তির সঙ্গে দেশের চিকিৎসকদের পরিচয় করিয়ে দেয়াই এ সম্মেলনের লক্ষ্য। এতে রোগীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে থাকা ডা. আসাদুজ্জামান জানান, সরাসরি চিকিৎসা পদ্ধতির প্রদর্শন, বিশেষ অধিবেশন ও বিদেশী বিশেষজ্ঞদের বক্তব্য এ আয়োজনকে সমৃদ্ধ করেছে।

সম্মেলনে ঢাকা ও চীন থেকে সরাসরি চিকিৎসা পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে। ৪টি মহাদেশ থেকে আগত বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। তরুণ চিকিৎসকদের জন্য ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। হৃদযন্ত্রের গঠনগত রোগ, করোনারি ও অন্যান্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি ফেলোশিপ কোর্স ও কেস প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

এ আয়োজনে ১ হাজার ১০০ জনের বেশি দেশী-বিদেশী হৃদরোগ বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনটি দেশের হৃদরোগ চিকিৎসায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। সম্মেলনটি চলবে ২ মে পর্যন্ত।