শিক্ষার্থীদের রোবোটিকস শিক্ষা ও উদ্ভাবনে আগ্রহী করতে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে (এমএলআইএস) ইন্টার-স্কুল রোবোটিকস ও প্রযুক্তি উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল দুই দিনব্যাপী এ আয়োজনে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়।

রাজধানীর এমএলআইএস রোবটিকস ক্লাব বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে গেমার, আর্টিস্ট, কোডার, চিন্তাবিদ অথবা ভবিষ্যৎ সম্পর্কে কৌতূহলীদের খুঁজতে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করে। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও ধারণা প্রকাশ করেছে বিভিন্ন স্কুলের উদ্ভাবনে আগ্রহী শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার সকালে শুরু হওয়া এ উৎসবের গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।

শিক্ষার্থীরা রোবট ডিজাইন ও বাস্তব মডেল তৈরি, এআই-ভিত্তিক রোবোটিকস সমাধান, শিক্ষাভিত্তিক রোবোটিকস প্রজেক্ট, ডিজিটাল ক্রিয়েটিভ প্রদর্শনী, সৃজনশীল কোডিং ও ট্রাবলশুটিং আইডিয়া, সমস্যাভিত্তিক উদ্ভাবনী সমাধানসংক্রান্ত নিজেদের সৃজনশীল ধারণা প্রকাশ করেছে।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যম, সৃজনশীলতা ও ধৈর্যের ভূয়সী প্রশংসা করেছেন আমন্ত্রিত অতিথিরা। তারা মনে করেন, রোবোটিকসে শিক্ষার্থীদের এ আগ্রহ ও সৃজনশীলতা ধরে রাখা গেলে ভবিষ্যতে শিল্পোন্নয়নে খুব মূল্যবান ভূমিকা রাখবে। এ সময় শিক্ষার্থীদের বাস্তব জীবনে ব্যবহারযোগ্য রোবট তৈরির ওপর জোর দেয়া হয়েছে।

নিজের মধ্যে থাকা আইডিয়া জমিয়ে না রেখে তা বাস্তবায়নের যথাযথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন উৎসবটির সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি বলেন, ‘কোনো ধারণা যদি কাজে রূপ না নেয়, তবে সমাজ সেটিকে মূল্যায়ন করে না এবং নেতৃত্বও স্বীকৃতি পায় না।’

উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, নেতৃত্ব ও প্রযুক্তি-মনোভাব প্রকাশের প্রশংসা করে তিনি বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়।’

উদ্ভাবন মানবসভ্যতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সবচেয়ে বড় সুযোগ উল্লেখ করে এ ধরনের উৎসবে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্র্যাকের উপদেষ্টা ড. মো. জাফর উদ্দিন।