গতকাল দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা রোহিঙ্গা আশ্রয় শিবিরের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কথা শোনেন।

দুপুর ১২টার দিকে সার্জিও গরের নেতৃত্বে ১৪ সদস্যের মার্কিন প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর দলটির সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রওনা দেন। বেলা ২টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। ক্যাম্পটির ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। প্রায় ২০ মিনিটের মতো সেখানে পর্যবেক্ষণ শেষে ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিডিআরসিএস পরিচালিত হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের রোগী, নার্স ও চিকিৎসকের সঙ্গে কথা বলেন।

বেলা সাড়ে ৩টার দিকে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শনে যান। সেখানে দলটির সদস্যরা কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংস্থাটির সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেন। পরে বিকাল সোয়া ৪টার দিকে উখিয়ার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিধি দলটির সদস্যরা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে যান। সেখানে তারা খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং সংস্থাটির সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেন।

রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক পরিদর্শন কার্যক্রম শেষে বিকাল পৌনে ৫টায় উখিয়া উপজেলা সদরের নর্থ অ্যান্ড ক্যাফে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে সার্জিও গর ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ প্রতিনিধি দলের সদস্যরা অংশ নেন।

প্রতিনিধি দলের পরিদর্শনের সময় রোহিঙ্গারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন। এ সময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে নানা দাবি জানান। রোহিঙ্গারা বলছেন, নিরাপত্তার সঙ্গে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নিশ্চয়তা পেলে তারা স্বদেশে ফিরে যাবেন।

সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গর। আজ সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।