বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২-১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। আয়োজনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সব অংশীদারদের এক ছাদের নিচে এনে একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলা এবং দেশের অর্থনীতিকে ‘ট্রিলিয়ন-ডলার’ সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়াই এই মেলার মূল লক্ষ্য। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার দ্বার উন্মোচন হতে যাচ্ছে।

মেলার মূল আকর্ষণ ও ফিচারের মধ্যে রয়েছে দেড় শতাধিক ইনোভেশন শোকেস, যেখানে তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রযুক্তির মেলবন্ধন ঘটবে। ১৫টিরও বেশি সেশন ও ডায়ালগে খাতসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। একটি বিশেষ ইনোভেশন হাব তথা নতুন ধারণা ও প্রযুক্তির কেন্দ্রস্থল হবে মেয়লায়। এছাড়া ৫০টিরও বেশি দেশী-বিদেশী স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থাকবে।

আরো জানা গেছে, অর্ধশতের বেশি ইন্ডাস্ট্রি এক্সপার্টসের উপস্থিতি তথা ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ বিশেষজ্ঞরা। অর্ধশতের বেশি করপোরেট, শিল্প ও বাণিজ্যিক খাতের প্রতিষ্ঠানের সক্রিয় উপস্থিতি থাকবে মেলায়।

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ বাস্তবায়ন করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এতে যারা উদ্ভাবন নিয়ে নিবন্ধন করতে পারবেন— ইন্ডিভিজুয়াল, শিক্ষার্থী, গবেষক, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান; করপোরেট, ইন্ডাস্ট্রি, এমএনসি; সরকারি সংস্থা, আইএনজিও, এনজিও; এসএমই, সার্ভিস প্রোভাইডার; স্টার্ট-আপ, আইডিয়া ইনকিউবেটর এবং গ্রিন এন্টারপ্রেনার। মেলার প্রদর্শনীতে অংশ নেয়ার জন্য নিবন্ধনের শেষ সময় ৩০ আগস্ট। নিবন্ধনের জন্য ভিজিট যেতে হবে www.innovationfairbd.org এই ওয়েবসাইটে।