বাংলাদেশের জলসীমা বঙ্গোপসাগরে অবৈধভাবে মৎস্য আহরণের সময় ভারতীয় একটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুরে মোংলা সমুদ্র বন্দরের ফেয়ারওয়ে বায়া থেকে ১৫ দশমিক ৪ নটিক্যাল মাইল দক্ষিন পশ্চিমে বাংলাদেশী জলসীমা থেকে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার সদস্যরা তাদেরকে আটক করে।
রোববার (৮ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তর হতে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, সোনার বাংলা নামের বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সমুদ্রে টহল দিচ্ছিল। এসময় ভারতীয় একটি ট্রলারকে মাছ ধরতে দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। তখন ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা ১৩ জন জেলেসহ ট্রলারটিকে জব্দ করে। ট্রলারে যে ১০ কেজি মাছ ছিল সেগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়েছে। আটককৃত জেলেদের নামে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।










