সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

গতকাল সকাল ১০টায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, সেবার মনমানসিকতা নিয়ে কাজ করুন। মানবতার মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু করেছেন। এলাকার কোনো মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় আরো বক্তব্য রাখেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, রৌমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল কাদের, আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বিশ্বাস, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।