গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর অবিচল ও আপসহীন নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্নসাধ পূরণে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ফলে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

গতকাল যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি ঋণের অর্থ দিয়ে উন্নত শংকর জাতের গরু ক্রয়ে সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, এ ঋণের উপযুক্ত ব্যবহার করতে পারলে উৎপাদিত দুধ প্রক্রিয়াকরণের জন্য মণিরামপুরে একটি কারখানা স্থাপন করা হবে।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য বাখেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. মশিউর রহমান এনডিসি, নিবন্ধক ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ড. হারুন অর রশীদ বিশ্বাস, প্রকল্প পরিচালক মিজানুর রহমান, মণিরামপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান প্রমুখ।