ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক পরিসংখ্যান ও তথ্য চেয়ে সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, নির্বাচন ও গণভোট উপলক্ষে চিঠির মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে নিয়োগকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য ৯ ফেব্রুয়ারি বেলা ১১টার মধ্যে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।