জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজকের নির্ধারিত ফ্লাইটের অনেক বিদেশগামী যাত্রী গতকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন। গতকাল সন্ধ্যা থেকেই বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে যাত্রীদের উপস্থিতি ছিল সাধারণ সময়ের তুলনায় বেশি। এদের বেশির ভাগই ছিলেন প্রবাসী কর্মী।
জর্ডান, সৌদি আরব, ইতালি, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপগামী কয়েকজন যাত্রী জানান, নির্বাচনের দিন সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে বিবেচনায় ফ্লাইট মিসের ঝুঁকি এড়াতে তারা একদিন আগেই বিমানবন্দরে চলে এসেছেন।
টার্মিনাল-১ এ বসে অপেক্ষা করছিলেন জর্ডানগামী দুই নারী কর্মী। আজ তাদের ফ্লাইট থাকলেও গতকাল সন্ধ্যায়ই তারা বিমানবন্দরে চলে এসেছেন। রেহানা পারভীন নামে এক প্রবাসী কর্মী বলেন, ‘ভোটের দিন (আজ) সকাল ৮টায় ফ্লাইট। তাই একদিন আগে থেকেই চলে আসছি বিমানবন্দরে। পথে কোথাও যেন সমস্যায় পড়তে না হয় তাই রাতটা এখানেই কাটিয়ে দেব।’
ইতালিগামী আরেক প্রবাসী মাদারীপুরের সোহেল বলেন, ‘সকাল ৯টায় (আজ) ফ্লাইট। কিন্তু বড় ধরনের ঝামেলা হলে সে ঝুঁকি এড়াতে রাতটা এখানেই পার করব। বাবাও সঙ্গে আছেন। পাশে কোথাও হোটেলে থাকাও নিরাপদ মনে হচ্ছে না।’
বিমানবন্দরে মূলত এসেছেন বিভিন্ন জেলার মানুষ। নির্বাচনকে ঘিরে যান চলাচল সীমাবদ্ধ থাকা, কিংবা পথে হঠাৎ কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরির শঙ্কা থেকে আগেভাগেই বিমানবন্দরে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।









