কোনো চাপের কারণে নয়, দেশের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় বাংলাদেশ আরো উড়োজাহাজ কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশকে এশিয়ার আকাশ পরিবহনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আরো বড় উড়োজাহাজের বহর প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সার্জিও গরের বাংলাদেশের কাছে আরো বোয়িং বিক্রয়ের বার্তার দিকে দৃষ্টি আকর্ষণ করে আরো উড়োজাহাজ ক্রয়ের বিষয়ে প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ওয়াশিংটনের সঙ্গে আমাদের একটি ভালো সম্পর্ক, বেইজিংয়ের সঙ্গেও ভালো ভারসাম্যের বৈদেশিক সম্পর্ক রয়েছে।

অন্যান্য দেশের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার কথা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো বাণিজ্য এবং বিনিয়োগ করব। চুক্তিতে আছেই যে আমরা আরো অতিরিক্ত উড়োজাহাজ কিনব আমাদের প্রয়োজন অনুযায়ী।

বাংলাদেশকে এশিয়ার একটি বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা এশিয়ার একটা এভিয়েশন হাব হিসেবে গড়তে চাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ গেটওয়ে। আমাদের আরো বেশি রুটে সেবা দিতে হবে। সেজন্য আমাদের আরো বড় বহর দরকার।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রবৃদ্ধির উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের চাহিদা আছে ৭০-৮০টা এয়ারক্রাফটের বহরের। আগামী ১০-১৫ বছরে এর চেয়েও বেশি। সেই ক্ষেত্রে বর্তমান অর্ডার অনেক নয়। অবশ্যই আমাদের প্রয়োজন অনুযায়ী কিনব।

কোনো চাপের কারণে উড়োজাহাজ কেনা হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কোনো চাপ নেই। আমাদের চাহিদা অনুযায়ী কেনার সক্ষমতা যেখানে আছে, সেখানে আমরা কিনতে থাকব এবং কিনব। এটা চলমান বিষয়। এটা খুবই পরিষ্কার।

তিনি বলেন, আমাদের উড়োজাহাজ চলাচল খাতের প্রয়োজন পূরণ করতে হবে। যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার একটি বিশেষ বিমান চলাচল কেন্দ্রে পরিণত করতে হবে, যা দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে।