‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০’ কভিড-১৯ মহামারীর কারণে এক বছর পিছিয়ে গতকাল শুরু হয়েছে। এবার ১১ দেশের ১১টি শহরে বসছে এ ফুটবল যজ্ঞ। গতকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক ও ইতালি। এদিকে লাতিন মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই ‘কোপা আমেরিকা ২০২১’ ব্রাজিলের মাঠে শুরু হবে আগামীকাল (বাংলাদেশ সময় সোমবার ভোর)।

১১ জুন ওয়েম্ব্বলিতে শুরু হয়ে ১১ জুলাই লন্ডনের ঐতিহ্যবহুল ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের। বাকি স্বাগতিক শহরগুলো হলো গ্লাসগো, আমস্টারডাম, বাকু, বুখারেস্ট, বুদাপেস্ট, কোপেনহেগেন, মিউনিখ, সেন্ট পিটার্সবুর্গ ও সেভিয়া।

মোট ২৪টি দল ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি উঠবে নকআউট পর্বে। এরপর তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্য থেকে সেরা র্যাংকধারী আরো চারটি দল পাবে নকআউটের টিকিট।

আজ আসরের দ্বিতীয় দিন তিনটি ম্যাচে মুখোমুখি হবে ওয়েলস-সুইজারল্যান্ড, ডেনমার্ক-ফিনল্যান্ড ও বেলজিয়াম-রাশিয়া।

ইউরো ২০২০-এর গ্রুপিং

গ্রুপ-এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড। গ্রুপ-বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম ও রাশিয়া। গ্রুপ-সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, নর্থ মেসিডোনিয়া। গ্রুপ-ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড ও চেক রিপাবলিক। গ্রুপ-ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া। গ্রুপ-এফ: হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানি।

কোপা আমেরিকা

২০২০ সালে কোপা আমেরিকা হয়নি করোনার কারণে। আয়োজক দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায় এবার জুন-জুলাইয়ে টুর্নামেন্টটা আয়োজনের সব প্রস্তুতিই ছিল। যদিও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ দুটি থেকে আসর সরিয়ে নেয়া হয় ব্রাজিলে। যদিও ব্রাজিলে ভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতির কারণে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। বৃহস্পতিবার আদালতের জরুরি সেশনে রায় এল—ব্রাজিলেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

কোপার দলগুলোর জন্য প্রতি ৪৮ ঘণ্টায় কভিড পরীক্ষা বাধ্যতামূলক এবং তাদের চলাচলও সীমিত থাকবে। স্বাগতিক শহরে তারা যাতায়াত করবেন চার্টার্ড বিমানে।

লাতিনের ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, বলিভিয়া ও প্যারাগুয়ে এবং ‘বি’ গ্রুপে ব্রাজিল, ভেনিজুয়েলা, পেরু, একুয়েডর ও কলম্বিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে।

১৩ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টা) ব্রাজিল ও ভেনিজুয়েলার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের এবং সোমবার ভোর ৫টায় মুখোমুখি হবে কলম্বিয়া ও একুয়েডর।