চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র মারা গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বন্ডবিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত স্কুলছাত্র রাকিব মোল্লা (১৪) আলমডাঙ্গা উপজেলার গেটবন্ডবিল গ্রামের আব্দুল আলিম মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে বন্ডবিল এলাকায় ব্যাডমিন্টন খেলছিল রাকিব মোল্লা। খেলা শেষে বিদ্যুৎ সংযোগের তার খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গার শেফা ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবু সালেহ ইমরান তাকে মৃত ঘোষণা করেন।









