রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমান বাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দোতলা থেকে নিচে পড়ে বাহিনীর অন্তত তিনজন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন। গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান ও ল্যান্স কর্পোরাল জুবাইদুল। আহতদের মধ্যে কর্পোরাল সিফাত ওরফে আবু সাঈদ, কর্পোরাল মাহবুব এবং এলএসি আহাদের অবস্থা গুরুতর। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।
জানা গেছে, সোমবার দিবাগত রাত ১০টা ২০ মিনিটে বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর সদস্যরা নিহত হন।










