এ সময়ে সারা দেশে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে মারা গেছে চারজন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ৩০ আগস্ট ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭ জন এবং তার আগের দিন ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। ফলে তিনদিন ধরে প্রতিদিনই হাসপাতালে ভর্তির সংখ্যা আগের দিনের রেকর্ড ছাড়িয়েছে।
নতুন রোগীদের নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬। এর মধ্যে আগস্টেই ভর্তি হয়েছে ২০ হাজার ৫৩৬ জন, যা চলতি বছরে কোনো এক মাসে সর্বোচ্চ। এর আগে জুলাইয়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৯ হাজার ২০৬ জন।
অর্থাৎ জুলাইয়ের তুলনায় আগস্টে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বেড়েছে ১১ হাজার ৩৩০ জন, যা প্রায় ১২৩ শতাংশ বেশি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) , একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এবং একজন ময়মনসিংহ বিভাগের। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।










