আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, কাদের ইন্ধনে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এর পেছনে কারা মদদদাতা ও উসকানিদাতা ছিল তাদের মুশোখ উন্মোচন করতে নিরপেক্ষ একটি কমিশন গঠন করা উচিত। গতকাল দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, চেম্বার সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার প্রমুখ।