নভেল করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটের মোংলা বন্দর পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি জেলার সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাট জেলা করোনা মনিটরিং কমিটির জরুরি সভায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।

এদিকে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে চারজন। সংক্রমণের হার ৪৪ শতাংশ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৬২ জনে। মারা গেছেন ৫১ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৪৬২ এবং নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৬০ জন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, ১৫ দিন ধরে বাগেরহাট জেলায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে মোংলা পোর্ট পৌরসভায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। ফলে সংক্রমণের হার কমাতে আজ সকাল ৬টা থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এ সময়ে ওই এলাকায় সব ধরনের গণপরিবহন, শপিংমল, হোটেল-রেস্তোরাঁ, খেয়া পারাপার বন্ধ থাকবে। শুধু খাবারের হোটেল থেকে পার্সেল নিতে পারবেন জরুরি প্রয়োজনে। কঠোর বিধিনিষেধ প্রতিপালন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধির পাশাপাশি কোস্টগার্ড মাঠে থাকবে বলে জানান জেলার এ শীর্ষ কর্মকর্তা।