চুয়াডাঙ্গার সোনালী ব্যাংক উথলী শাখায় ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫ লাখ ৩ হাজার নগদ টাকা, একটি খেলনা রিভলবার, একটি খেলনা পিস্তলের ভাঙা অংশ, দুটি চাপাতি, একটি ল্যাপটপ, দুটি হেলমেট, এক জোড়া হ্যান্ডগ্লভস ও একটি সাদা রঙের পিপিই উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটী গ্রামের ফকিরপাড়ার রফিক উদ্দিনের ছেলে সাফাতুজ্জামান রাসেল (৩০), একই
গ্রামের জাহাঙ্গীর শাহের ছেলে রকি (২৩), ওই
গ্রামের বাজারপাড়ার মৃত আক্তারুজ্জামান বাচ্চুর ছেলে হূদয় (২২) ও একই গ্রামের ফকিরপাড়ার মফিজুল শাহের ছেলে মাহফুজ আহম্মেদ আকাশ (১৯)।
গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তিনি জানান, আসামি রাসেল তার সহযোগী হূদয়কে নিয়ে ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। রাসেল অনেক টাকা ঋণগ্রস্ত ছিল ওই ঋণের টাকা পরিশোধ করে বাকি টাকা দিয়ে স্বাচ্ছন্দ্যে চলার জন্যই সে এ ডাকাতির পথ বেছে নেয়। সেজন্য নিজের ভাইয়ের ছেলে রকিকে সঙ্গে নিয়ে ও হ্যান্ডগ্লভস পরে ব্যাংকের টাকা লুটের উদ্যোগী হয়। ব্যাংকটিতে সিসি টিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় ব্যাংকটিতে তারা ডাকাতির পরিকল্পনা করে। তাদের পরিকল্পনার সঙ্গে হূদয় ও আকাশকে পরবর্তী সময়ে যুক্ত করে তারা।
তিনি আরো জানান, আসামিদের ধরতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যশোরের চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।










